মৃগী রোগীদের জন্য নতুন ফিচার আনলো টিকটক

২৬ নভেম্বর, ২০২০ ২২:০৪  
প্রায় এক মাস আগে থেকেই আলোর ঝলক রয়েছে, এমন ভিডিওগুলোতে লেবেল জুড়তে শুরু করেছিল টিকটক। কিন্তু এবার আর লেবেল নয়, সরাসরি ‘স্কিপ অল’ অপশন নিয়ে হাজির হলো শর্টভিডিও প্লাটফর্ম টিকটক। মূলতঃ টিকটকে জনপ্রিয় হয়ে ওঠা এক ধরনের ভিডিও আলোর ফিল্টার ও ‘সিজার-চ্যালেঞ্জ’ এ সাড়া দিয়ে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে লুসিড ড্রিমস গান বাজিয়ে মৃগী রোগ আক্রমণের প্রভাব নকল করতে শুরু করার পর এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদের মুখে নতুন এই ফিচার আনলো তারা। নতুন এই ফিচারের সাহায্যে সুনিদিষ্ট কিছু ভিডিও এড়িয়ে চলতে পারবেন আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত ব্যক্তিরা। কেননা এখন থেকে ওই ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারীর সামনে আলোক সংবেদনশীল ভিডিও চলে এলে তাদেরকে একটি নোটিফিকশন পাঠানো হবে। তাই নিজেদের প্রোফাইলকে এ ধরনের ভিডিও থেকে সহজেই দূরে রাখতে পারবেন মৃগী রোগীরা। সংবাদ মাধ্যম বিবিসি’র কাছে অন্যান্য প্ল্যাটফর্মও এরকম করবে বলে আশা প্রকাশ করেছে এক মৃগী রোগ সংশ্লিষ্ট দাতব্য সংস্থা। ভবিষ্যতে এ ধরনের সব ভিডিও এড়িয়ে যাওয়ার আহবান জানানোর নোটিফিকেশন দেখানো সহ প্ল্যাটফর্মটিকে “সবার জন্য প্রবেশযোগ্য” বানানো হবে বলে জানিয়েছে টিকটক।